গাজীপুরে পুলিশ পিটিয়ে যুবলীগের দুই নেতা জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মিরেরবাজার এলাকায় গত শুক্রবার রাতে সড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যকে পিটিয়েছেন যুবলীগের দুই নেতা। পুলিশ পেটানোর অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: পূবাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহামঞ্চদ হোসেন ও পূবাইল ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ওরফে তাকু। পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী-কালীগঞ্জ সড়কের গাজীপুর সদর উপজেলার মিরেরবাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই স্থানে কয়েকজন কনস্টেবল যানজট নিরসনের জন্য চেষ্টা করছিলেন। পুলিশের সিগন্যাল উপেক্ষা করে যুবলীগের দুই নেতা তাঁদের গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন। পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ তাঁদের গাড়ি আটকে দেয়। একপর্যায়ে কর্তব্যরত পুলিশের সঙ্গে যুবলীগের ওই দুই নেতার বাগিবতণ্ডার সৃষ্টি হয়। এ সময় যুবলীগের ওই দুই নেতা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য আতিকুর রহমানসহ দুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পিটিয়ে আহত করেন। পরে পুলিশ যুবলীগের নেতা আহামঞ্চদ হোসেন ও তোফাজ্জাল হোসেনকে আটক করে জয়দেবপুর থানায় নিয়ে নিয়ে আসে। পুলিশ বাদী হয়ে গত শুক্রবার রাতে জয়দেবপুর থানায় একটি মামলা করে। গতকাল শনিবার সকালে যুবলীগের দুই নেতাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।