গাজীপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে কনস্টেবলসহ দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বুধবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের একজন কনস্টেবল ও এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জয়দেবপুর থানার উপপরিদর্শক ইকবাল হোসেন ও আলম চাঁদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চতর এলাকার শিমুলতলী-রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সড়কে টহল দিচ্ছিল। এ সময় টহল দলটি দুজন আরোহীসহ একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলটি না থামিয়েই আরোহীরা গুলি ছুড়তে থাকলে একটি গুলি কনস্টেবল আবদুল মমিনের (৩৫) ডান পায়ে লাগে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ফারুক হোসেন (২৫) নামের এক সন্ত্রাসী আহত হন। পুলিশ একটি বিদেশি পিস্তলসহ ফারুককে আহত অবস্থায় আটক করে। তবে অপর সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। আহত পুলিশ কনস্টেবল ও সন্ত্রাসী ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।