গাজীপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে পৌর যুবলীগের সভাপতি গ্রেপ্তার
গাজীপুর শহরের পৌরসভা সড়ক এলাকায় গত মঙ্গলবার রাতে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে পুলিশ জেলার পৌর যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মেরাজুল বারী মেরাজ। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জেলা শহরের পৌরসভা সড়কে পুলিশি টহলকালে মেরাজুল বারী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় টহল পুলিশের দায়িত্বে থাকা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে যান। এতে মেরাজ ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালান। পরে রাতেই তাঁকে আটক করে থানা হেফাজতে রাখা হয়।এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া পৌর যুবলীগের নেতা মেরাজকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।জয়দেবপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।