নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানকে গত রোববার দুপুরে ঢাকার আদালত থেকে গাজীপুরে নেওয়ার পথে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল সোমবার পুলিশের ওই ছয় সদস্যকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।প্রত্যাহার করা পুলিশের ছয় সদস্য হলেন সুবেদার মুজিবুর রহমান, কনস্টেবল হায়দার আলী, সাইদুর রহমান, হালিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ও মিজানুল।রোববারের ওই ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করেছেন গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে।জানা যায়, ঢাকার আদালতে একটি মামলায় হাজিরা শেষে রোববার দুপুরে মুফতি হান্নানকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হচ্ছিল। পথে রাজধানীর মগবাজার এলাকায় পুলিশের দায়িত্বে অবহেলার সুযোগ নিয়ে সাদা পাঞ্জাবি ও পায়জামা পরা এক ব্যক্তি মুফতি হান্নানের সঙ্গে কথা বলেন। এই খবর গতকাল সোমবার একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। খবরে উল্লেখ করা হয়, মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যান মগবাজার এলাকা অতিক্রম করার সময় একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর প্রিজন ভ্যানটি সড়কে দাঁড়িয়ে পড়লে ওই ব্যক্তি হান্নানের সঙ্গে কথা বলার সুযোগ নেন। দুর্ঘটনাসহ পুরো বিষয়টি সাজানো ছিল বলে ধারণা করা হয়।গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে পুলিশের ছয় সদস্যকে ক্লোজ করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে হত্যার চেষ্টা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় কারাবন্দী মুফতি হান্নানের বিচার চলছে।