গাজীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মনির গ্রেপ্তার
গাজীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মনির হোসেন খান ওরফে খান মনিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার রাতে সদর উপজেলার চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকা থেকে এক সহযোগীসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। র্যাব ও পুলিশ সূত্র জানায়, র্যাব-১ উত্তরা ক্যাম্পের সদস্যরা সাদা পোশাকে অবস্থান নিয়ে মনির (৩০) ও তাঁর সহযোগী মিন্টুকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় বিদেশি রিভলবার, ৩৯টি ইয়াবা বড়ি ও তাঁর ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-জ ২৩-৪৭২৫) জব্দ করে র্যাব। মনিরের বাড়ি সদর উপজেলার মৈশানবাড়ী এলাকায়। র্যাব-১-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম এবং ইকবাল হোসেন গতকাল রোববার জয়দেবপুর থানায় পৃথক মামলা করেন। গতকাল দুপুর ১২টার দিকে মনির ও মিন্টুকে জয়দেবপুর থানায় সোপর্দ করে র্যাব। জয়দেবপুর থানার এসআই দেলওয়ার হোসেন জানান, মনিরের বিরুদ্ধে থানায় ২০টির বেশি মামলা রয়েছে।