গাজীপুরে পুলিশের পোশাক পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনে পুলিশের পোশাক, হোতাপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নামফলক, দুটি হাতকড়া, বেতার যন্ত্র, পুলিশের নোট বুক—কোনোভাবেই সন্দেহ করার সুযোগ নেই যে এরা পুলিশ নয়। বাড়িতে ঢুকেই মামলার কথা বলে দুই প্রবাসী সহোদরকে হাতকড়া পরিয়ে রাখে। তল্লাশির নামে পৌনে পাঁচ লাখ টাকা ও মালামাল নিজেদের দখলে নিয়ে জব্দতালিকা প্রস্তুত করে।চলে যাওয়ার সময় ফাঁড়িতে যোগাযোগের কথা বলে হাতকড়া খুলে দিয়ে সঙ্গে আনা গাড়ি নিয়ে চম্পট দিলে সবার সংবিৎ ফেরে। বাড়ির লোকজন তখন বুঝতে পারেন ডাকাতির শিকার হয়েছেন। গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় গত মঙ্গলবার রাতে প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন এবং গতকাল বুধবার সকালে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।ডাকাতির শিকার পরিবারের সদস্য ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত দুইটার দিকে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতেরা ইউসুফ মোল্লার বাড়িতে ডাকাডাকি করে। আগন্তুকেরা ঢাকায় অবস্থানকারী ওই বাড়ির ছোট ছেলে জাহাঙ্গীরের জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ আছে বলে জানায়। গৃহকর্তা বাড়ির দরজা খুললে কাতার-প্রবাসী দুই ভাই মো. শাহজাহান ও মো. হুমায়ুনকে হাতকড়া পরিয়ে একটি ঘরে আটকে রাখা হয়। পরে তল্লাশির কথা বলে শাহজাহানের শোবার ঘরের আলমারি থেকে সাড়ে চার লাখ টাকা, হুমায়ুনের ঘর থেকে ২০ হাজার টাকা ও কিছু মালামাল হাতিয়ে নিয়ে কথিত জব্দ তালিকা তৈরি করে। দুই ভাইকে বাড়ির বাইরে এনে কৌশলে ডাকাতেরা দ্রুত মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।শাহজাহান গতকাল সাংবাদিকদের জানান, তাঁরা দুই ভাই কাতারের দোহারে ব্যবসা করেন। প্রায় চার মাস আগে গ্রামের বাড়িতে পাকাবাড়ি করার উদ্দেশ্যে দেশে ফিরেন। বাড়ির কাজের জন্য ব্যাংক থেকে টাকা উঠিয়ে ঘরে রেখেছিলেন। তিনি বলেন, ডাকাতেরা সংখ্যায় ছিল নয়জন। এদের মধ্যে দুজন পুলিশের পোশাকে ছিল।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আক্তারুজ্জামান জানান, ঘটনার পারিপার্শ্বিকতায় মনে হচ্ছে, এই পরিবার ও এলাকার খোঁজখবর রাখে এমন একাধিক লোক ডাকাত দলে ছিল। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।