গাজীপুরে অবৈধ গ্যাস-সংযোগ বৈধকরণ ও সিটি করপোরেশন এলাকায় নতুন গ্যাস-সংযোগ দেওয়াসহ ১০ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করে এলাকাবাসী। একপর্যায়ে পুলিশের লাঠিপেটায় সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হন। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়।
দুপুরে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে কর্মসূচির আয়োজন করা হয়। এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক লোক অংশ নেন। মানববন্ধন চলাকালে মহানগর উন্নয়ন কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কমিটির মহাসচিব ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন মিয়া, সিটি করপোরেশনের কাউন্সিলর জবেদ আলী, আজিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
জাহাঙ্গীর আলমের বক্তব্যের শেষদিকে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাঠিপেটা করে লোকদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় যমুনা টিভির গাজীপুর প্রতিনিধি মহিউদ্দিন রিপন, এনটিভির ক্যামেরাম্যান দেবেশ মল্লিকসহ অন্তত ২৫ জন আহত হন। লাঠির আঘাতে যমুনা টিভির প্রতিনিধির ক্যামেরা, মুঠোফোন সেট ভেঙে যায়।
জাহাঙ্গীর আলম বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অসাধু ব্যক্তিদের যোগসাজশে গাজীপুরে বিভিন্ন এলাকায় পাঁচ সহস্রাধিক অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তাঁরাই এখন ওই সব সংযোগ বিচ্ছিন্ন করছেন। শাস্তি হলে শুধু গ্রাহকদের নয়, জড়িত অন্যদেরও হওয়া উচিত। তিনি বৈধভাবে গ্রাহকদের গ্যাস-সংযোগ দেওয়ার দাবি জানান।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। ডিবি পুলিশ মানববন্ধনকারীদের সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয়।