গাজীপুরে পূজামণ্ডপে বখাটেদের হামলায় দুই আনসার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের ছায়াবীথি মধ্যপাড়া পূজামণ্ডপে গত শনিবার রাতে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম (১৮) ও আজগর আলী (১৯)। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশির কুমার দে (১৪) ও ইমরান হোসেন (১৩) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।আহত আনসার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আটজন উচ্ছৃঙ্খল ব্যক্তি মধ্যপাড়া পূজামণ্ডপের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা মণ্ডপে আসা বেশ কয়েকজন নারীকে উত্ত্যক্ত করে। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা জাহাঙ্গীর ও আজগরকে এলোপাতাড়িভাবে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, এ ঘটনায় আহত আনসার জাহাঙ্গীর বাদী হয়ে মামলা করেছেন।এদিকে পুলিশ শনিবার রাতে সদর উপজেলার পদ হারবাইদ এলাকার পূজামণ্ডপ থেকে মদ্যপ অবস্থায় স্থানীয় যুবক সাখাওয়াত হোসেন ও কাশিমপুর মণ্ডপে হাঙ্গামার অভিযোগে দেবাশীষ বিশ্বাস নামের দুই ব্যক্তিকে আটক করে। গতকাল রোববার সাখাওয়াত ও দেবাশীষকে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ।