গাজীপুরে পৃথক ঘটনায় দুই যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের মোগরখাল এলাকায় জহিরুল ইসলাম (৩৪) নামে এক রিকশাচালক এবং কোনাবাড়ী এলাকায় কাউসার মোল্লা (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সকালে জহিরুলের ভাড়া করা বাসার কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।জহিরুলের স্ত্রী জোবেদা গতকাল সোমবার রাতে জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলার এজাহারে তিনি বলেছেন, রকিব হাসান ওরফে রুবেল নামে তাঁদের এক প্রতিবেশী গত রোববার রাত ১০টার দিকে বাসা থেকে জহিরুলকে ডেকে নেন। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। এজাহারে বাদী অভিযোগ করেন, রুবেল তাঁর সহযোগী সাদ্দাম হোসেন, হালিমা বেগম, আতিকুলসহ অন্যদের নিয়ে জহিরুলকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রাখেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত জহিরুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে কোনাবাড়ীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে খুন হন কাউসার। তিনি কুদ্দুছনগর এলাকার বাসিন্দা আউয়াল মোল্লার ছেলে।আউয়াল মোল্লা জানান, তিনি জনৈক বিল্লাল হোসেনের ১১ শতাংশ জমির দেখভাল করছেন। এই জমির দখল নিয়ে তাঁর (আউয়াল মোল্লা) সঙ্গে একই এলাকার ইসমাইল সিকদার, রুবেল পাঠান, কামাল হোসেন ও মো. সেলিমের বিরোধ রয়েছে। এর জের ধরে তাঁরা কাউসারকে খুন করেছেন। তিনি জানান, রোববার রাত ১০টার দিকে মুঠোফোনে কল পেয়ে কাউসার বাসা থেকে বেরিয়ে যান। রাত ১২টার দিকে তাঁরা কাউসারের খুন হওয়ার খবর পান।পুলিশ বলেছে, মো. মহিউদ্দিন নামের এক যুবক কাউসারকে ফোন করে ঘটনাস্থলে নিয়েছিলেন। তারা মহিউদ্দিনকে আটক করেছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কাউসারের মাথাসহ শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সোমবার গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তাঁর লাশ দাফন করা হয়। এ ঘটনায় গতকাল রাতে মামলার প্রস্তুতি চলছিল।