গাজীপুরে পৃথক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছে। সদর উপজেলার বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় সকালে পিকআপের চাপায় দুই নারী শ্রমিক নিহত হন। এ ছাড়া শ্রীপুর উপজেলার ঘোলাঘাট মাইজপাড়া এলাকায় সকালে ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে দুজন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে। এদিকে কাপাসিয়া উপজেলার লতাপাতা বাজারে বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-কাপাসিয়া সড়কের নয়টি রুটে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে গাজীপুরগামী একটি পিকআপ দুই নারী শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন ময়মনসিংহের ফুলবাড়ী এলাকার মরিয়ম (৪১) ও জামালপুরের দীঘিরচর এলাকার মোসাম্মৎ বেগম (৪২)। তাঁরা দিনমজুর ছিলেন। দুর্ঘটনার সময় তাঁরা ওই এলাকায় কাজের অপেক্ষায় বসেছিলেন। পুলিশ পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাবিব প্রথম আলোকে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকাল সোয়া আটটার দিকে মাইজপাড়া এলাকায় উন্মুক্ত রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি ট্রেনের সঙ্গে বালুভর্তি লরির সংঘর্ষ হয়। এতে লরিটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. সালাম জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার লতাপাতা বাজারে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস একটি ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী আশিকুর রহমানকে চাপা দেয়। সে স্থানীয় তরগাঁও গ্রামের আমীর উদ্দিনের ছেলে।