গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর ও কালিয়াকৈরে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন‍ মো. জাফর হোসেন (২৫), লিজা আক্তার (২৩) ও মিঠু মোল্লা (২০)।

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাহার আলম জানান, গতকাল বুধবার দুপুরে দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় লিজা আক্তারকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লিজা ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের স্বপন মিয়ার মেয়ে।

কোনাবাড়ি হাইওয়ে থানার পরিদর্শক আবু দাউদ খান জানান, কালিয়াকৈর উপজেলার সাহেবাবদ গ্রামের আবুল হোসেনের ছেলে জাফর হোসেন গত মঙ্গলবার রাতে গাজীপুর থেকে একটি মোটরসাইকেল করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। উপজেলার খাড়াজোড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা তাঁর লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

গাজীপুর সদরের গজারিয়াপাড়ার জালাল মোল্লার ছেলে ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র মিঠু মোল্লা গতকাল বিকেলে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চড়ে চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ১ নম্বর গেটের সামনে মোটরসাইকেলটি পিকআপকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীসহ মোটরসাইকেলটি ছিটকে পড়ে চালক মিঠু নিহত ও আরোহী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই বাহার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।