গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ছাড়া উপজেলার বরাব এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়দেবপুরের কাপড় ব্যবসায়ী রাজু মিয়া গতকাল অটোরিকশায় নরসিংদী যাওয়ার পথে কালিয়াকৈরের শিমুলিয়া এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এদিকে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার খান জানান, গতকাল ভোরে গোয়ালবাথান এলাকায় টাঙ্গাইলগামী মালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থেকে চাকার নিচে পড়ে চালকের সহযোগী ইব্রাহীম নিহত হন।ট্রেনে কাটা পড়ে মৃত্যু: কালিয়াকৈরের বরাব এলাকায় ট্রেনে কাটা পড়ে এমদাদুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বেগমপুর দারুল ওলুম মাদানিয়া এতিমখানায় রান্নার কাজ করতেন। তাঁর বাড়ি বাগেরহাটের দক্ষিণ খোন্দাকাটা গ্রামে।