গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস ও ভোগড়া পশ্চিমপাড়া এলাকায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নাওজোড় হাইওয়ে পুলিশের কনস্টেবল কুমিল্লার বুড়িচং এলাকার আবদুল জলিল (৫০) ও সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার আ. হাকিমের ছেলে শহিদুল ইসলাম (২৭)। তিনি দিনমজুর ছিলেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় গতকাল বিকেলে কনস্টেবল আবদুল জলিল দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকাগামী উত্তরবঙ্গের একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপায় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট উপপরিদর্শক ইকবাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছেন। নিহত হওয়া কনস্টেবল আবদুল জলিল ৩২ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। অপরদিকে, ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রাকের চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার আ. হাকিমের ছেলে শহিদুল ইসলাম (২৭)। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, গতকাল সকালে শহিদুল ভোগড়া এলাকায় হাজী আবদুর রহমানের খেতে মাটির কাজ করছিলেন। কিছু সময় পর পানি খাওয়ার জন্য তিনি ঢাকা বাইপাস সড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।