গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের পুবাইল মীরের বাজার এলাকায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে পুবাইল মীরের বাজার এলাকায় স্থানীয় স্পটফেম গার্মেন্টসের সামনে পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ও তিন যাত্রীর সবাই নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন—চালক আবদুল করিম (৩৮), যাত্রী সিরাজ উদ্দিন (৪৫), মোহাম্মদ আলী (৪৫) ও বিল্লাল হোসেন (৩৫)। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান আবদুল করিম ও সিরাজ। অন্য দুজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তাঁদের সবার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ঝালম বাজার এলাকায়।নিহত ব্যক্তিদের আত্মীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বীজবাদাম ক্রয়ের উদ্দেশে তাঁরা কুমিল্লা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটে যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে তাঁদের বহনকারী পিকআপভ্যানটি মীরের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের (নারায়ণগঞ্জ-ট-০২-০০৫০) সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গতকাল সকাল নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস নাইম হোসেন (২২) নামের এক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা সৌখিন পরিবহনের দুটি বাস ভাঙচুর করে। এতে ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।