গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
গাজীপুরে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার সালনা এলাকায় ট্রাকের চাপায় মোরশেদা বেগম (৪৫) নামের পোশাক কারখানার একজন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই দিন রাতে কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় ট্রাকের চাপায় একটি অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জের হরিরামপুর সুতালরি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৫), কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার জসিম উদ্দিন (৪০) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার মোজাহার হোসেন (৩২)। অপর ব্যক্তির (৩৫) পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সালনা এলাকার প্রীতি গ্রুপ নামের একটি পোশাক কারখানার শ্রমিক মোরশেদা গতকাল সকালে কর্মস্থল থেকে খাবার খেতে বাসায় যাচ্ছিলেন। সালনা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোরশেদা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আইরমারি গ্রামের মৃত ইরশাদ আলীর স্ত্রী।মোরশেদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে ২৫-৩০টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় সাত-আট কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে সাভারের নবীনগরের দিক থেকে একটি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চক্রবর্তী এলাকার জ্যোতি সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় উল্টে অটোরিকশার ওপর পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার চারজন যাত্রী নিহত হন।জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীপুরে আহত ১৮: গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্রমিক বহনকারী বাস উল্টে ১৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কাওরাইদ-জৈনা বাজার সড়কের কাওরাইদ বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকার সাত চাঁদ নামের পোশাক তৈরি কারখানার শ্রমিক।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কারখানার শ্রমিক বহনকারী ওই বাসটি সকাল সাতটার দিকে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে বাসের ভেতর থাকা ১৮ জন শ্রমিক আহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।