গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা মৃত জালাল মল্লিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও রংপুর সদর এলাকার টুকু মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫)।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান জাহাঙ্গীরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান। এদিকে গতকাল একই মহাসড়কের তেলিপাড়া এলাকায় আতিকুর রহমান মোটরসাইকেলে করে সালনার দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করতেন।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে গাজীপুর হাইওয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।