গাজীপুরে পৃথক হামলায় পাঁচ পুলিশ আহত, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মেইলগেট এলাকায় গত শুক্রবার রাতে পৃথক হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল এমদাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এসব ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ী সোহাগ ও দুলালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশ গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় মাদক ব্যবসায়ী ধরতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ গাঁজা-চোলাই মদসহ মাদক ব্যবসায়ী সোহাগ ও দুলালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায় এবং গ্রেপ্তার করা ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উপপরিদর্শক মো. মোস্তাফিজ, কনস্টেবল মো. এমদাদ ও মিন্টু মিয়া আহত হন। এর মধ্যে এমদাদ মাথায় গুরুতর আঘাত পান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় টঙ্গী থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজ বাদী হয়ে মামলা করেছেন। একই দিন সন্ধ্যায় গাজীপুরের সাতাইশ মোড় এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাবিলদার শাহজাহান ও কনস্টেবল মো. বাদল স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় কাজী শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতাইশ মোড় এলাকায় গাড়ি পার্কিং করা নিয়ে কর্তব্যরত দুই এপিবিএন সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন স্থানীয় যুবক কাজী শিহাব। এ ঘটনার পর রাত সাড়ে নয়টার দিকে এলাকার বেশ কয়েকজন যুবককে সংগঠিত করে শিহাব ওই দুই পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিহাবকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে এপিবিএন সদস্য মো. শাহজাহান বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেছেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’