গাজীপুরে পোশাক কারখানায় আগুন আতঙ্ক, আহত ২৫
গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকার একটি পোশাক কারখানায় আগুনের আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হন৷ গতকাল রোববার সকালে ইউটা ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে৷
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে কারখানার সপ্তম তলার সার্কিট ব্রেকারে স্পার্ক করে বিকট শব্দ হয় এবং ধোঁয়া বের হতে থাকে৷ এ সময় স্বয়ংক্রিয়ভাবে কারখানার অগ্নিসংকেত বেজে ওঠে৷ পুরো কারখানায় আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হন৷ তাঁদের মধ্যে ওভেন সেকশনের অপারেটর তামান্না (১৯), নুরুন্নাহার (২৫), হেলপার শাহনাজ বেগম (২২), সামসুন্নাহার (২৮), অপারেটর রাশিদা বেগম (২৫) ও ক্লিনার জামিলা খাতুনকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷
কারখানার শ্রমিক সুলতান মিয়া জানান, আহত হয়েছেন ২৫-২৬ জন৷ তাঁদের মধ্যে একজন মারা গেছেন৷ তবে কে মারা গেছেন, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি৷ এ খবরে কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুর রহমান জানান, কারখানায় আগুনের আতঙ্কে নামতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হন৷ তবে কোনো শ্রমিক মারা যাননি৷
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বলেন, আগুন আতঙ্কের কিছুক্ষণ পরই শ্রমিকেরা কাজে যোগ দেন৷