গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকেরা হঠাৎ অসুস্থ
গাজীপুর সিটি করপোরেশনের মণিপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় গতকাল শনিবার হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় হট্টগোলের সৃষ্টি হলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, মণিপুর এলাকায় ইউটা নিটিং লিমিটেড নামের একটি পোশাক কারখানার সুইং সেকশনে এক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কারখানার চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যান্য শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর পর্যন্ত হাসপাতালে ২৫ জন নারী শ্রমিককে ভর্তি রাখা হয়।
দুজন নারী শ্রমিক বলেন, অন্যদিনের মতো তাঁরা সকালে কারখানায় কাজে যোগ দেন। কাজ করার সময় তাঁদের এক সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। অসুস্থ শ্রমিকদের কারও পেটে ব্যথা ও বমি হয়। আবার কারও মুখ থেকে লালা পড়া শুরু হয়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে তাঁরা গণ-মনস্তাত্ত্বিক রোগে ভুগছেন। এ রোগে আক্রান্ত একজনের দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়েন।
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর)-এর পরিচালক পুলিশ সুপার (এসপি) মো. শোয়েব আহমেদ বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন।
এদিকে শ্রমিকদের অসুস্থতার বিষয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।