গাজীপুরে পোশাক কর্মী খুন
গাজীপুর সদরের খাইলকুর এলাকায় সোনিয়া (১৮) নামে তৈরি পোশাক কারখানার এক কর্মী খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে স্বামীর ভাড়া করা বাসার তালাবদ্ধ ঘরে লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশের ধারণা, সোনিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছেন স্বামী মোজাম্মেল হক। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম জানান, নিহত সোনিয়ার গলার দুই পাশে কালো দাগ রয়েছে। সোনিয়া-মোজাম্মেল গাজীপুর সদরের গাছা ইউনিয়নের খাইলকুর গ্রামে আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।এলাকাবাসী জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল ভোরে ঘরে তালা ঝুলতে দেখে পাশের ঘরের ভাড়াটিয়ার সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই কামরুন্নাহার গতকাল বিকেলে জানান, থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে মোজাম্মেল হক (২২) পলাতক।