গাজীপুরে পোশাক কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা, বিক্ষোভ

অন্য দশ দিনের মতো গত রোববারও শ্রমিকেরা কারখানাটিতে কাজ করেছেন। সন্ধ্যায় বাড়ি ফিরে গেছেন। কিন্তু গতকাল সোমবার সকালে কাজে যোগ দিতে এসে দেখেন প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে সাঁটানো রয়েছে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি। চলতি মাসের বেতন ও কারখানাটি শিগগির খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার স্টার্লিং রিন্স ইফেক্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাটির অপারেটর আতিকুর রহমান বলেন, কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখে হঠাৎ তাঁর বুক ধড়ফড় করে ওঠে। কী এমন হলো যে কারখানা বন্ধ করে দিতে হলো। আগের দিনও তো ভালোই চলছিল। এখন কোথায় গিয়ে কাজ খুঁজবেন?
আতিকুর কথা বলা সময় জুলেখা বেগম, শারমিন আক্তারসহ বেশ কয়েকজন শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। তাঁরা বলেন, এখন কোথায় যাবেন? কী খাবেন?
দীর্ঘদিন ধরে কাজের অর্ডার না থাকা, কমপ্লায়েন্স অডিট পাস না করা ও অব্যাহত লোকসানসহ নানা কারণে অত্র কারখানা আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এমন সব কারণ দেখিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, ওই কারখানায় সাড়ে চার শ শ্রমিক-কর্মচারী আছেন। তাঁদের কোনো কিছু না জানিয়ে রাতের আঁধারে মূল ফটকে তালা ঝুলিয়ে ও বন্ধের বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। সকাল আটটার দিকে শ্রমিক ও কর্মচারীরা কারখানার মূল ফটকে তালা ঝোলানো দেখতে পান। এ ঘটনা তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন। তা চলে বেলা তিনটা পর্যন্ত। খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা-পুলিশ ওই কারখানায় অবস্থান নেয়।
কয়েকজন শ্রমিক ও কর্মচারীর দাবি, এক মাস ধরে কর্তৃপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের কারখানা থেকে বের করে দিচ্ছে। বিভিন্ন সময় বকাঝকাসহ বাইরের সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর নানা নির্যাতন করে আসছে। নির্যাতন সহ্য করে তাঁরা গত রোববারও কারখানায় কাজ করেছেন। কারখানায় কোনো সমস্যা হলে মালিক ও শ্রমিকপক্ষ বসেই বিষয়টির সমাধান হতো। এ ছাড়া কারখানা বন্ধের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। চলতি মাসের বেতনও দেওয়া হয়নি। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীরা ঘোর বিপদে পড়েছেন। কারখানা খুলে না দিলে তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে না খেয়ে মরতে হবে।
কারখানা কর্তৃপক্ষ বলছে, ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের বিধান মোতাবেক শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করা হবে। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক, বিজিএমইএর সভাপতি, গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিচালক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কর্তৃপক্ষের বিবৃতির অনুলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী তিন কার্যদিবসের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধের বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হবে।
কারখানার নির্বাহী পরিচালক তৌফিক জাহিদুর রহমান বলেন, নানা সমস্যার কারণে বাধ্য হয়েই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের যে পাওনাদি আছে, সময় নির্ধারণ করে তা দিয়ে দেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর ওসি মো. শহীদুল্লাহ বলেন, শ্রমিকদের বোঝানোর পর বেলা তিনটার তাঁরা কারখানার সামনে থেকে চলে যান।