গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর, নারায়ণগঞ্জে অনশন
বেতন ন্যূনতম আট হাজার টাকা করার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চারটি কারখানার কাচ ভাঙচুর করেছেন গাজীপুরের একটি কারখানার শ্রমিকেরা।
এদিকে তিন মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের দাবিতে গতকাল নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রধান কার্যালয়ের সামনে অনশন করেন একটি কারখানার শ্রমিকেরা।
গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় জাহিন টেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল সকালে ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানায় কর্মবিরতি পালন করেন এবং ইটপাটকেল ছুড়ে কারখানার জানালার কাচ ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা পাশের সিলভার লাইন, অ্যারাবিক ফ্যাশন, এলিগ্যান্ট গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। সাড়া না দেওয়ায় জাহিন টেক্সের শ্রমিকেরা ওই সব কারখানায়ও ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে পরিস্থিতি শান্ত হয়। দুপুর ১২টার দিকে এসব কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সব এলাকার কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় অবস্থিত পি কিউ এস নিটওয়্যার কারখানার শ্রমিকেরা গতকাল বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে অনশন করেন। এ সময় কারখানার শ্রমিক বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক আবু নাঈম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, আবু হাসান কবির, এম এ শাহীন, ইকবাল হোসেন, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, পি কিউ এস নিটওয়্যার কারখানার মালিক শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করে দিয়েছেন।
তবে কারখানার সমন্বয়কারী সালাউদ্দিন আহমেঞ্চদ জানান, শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন পাবেন। তাঁরা কারখানাটি বন্ধ করেননি। দুই শ্রমিকনেতার কারণে শ্রমিকেরা ধর্মঘট করছেন। এতে তাঁদের কারখানার কার্যাদেশ বাতিল হওয়ায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।