
ঈদের বোনাস কম দেওয়ার অভিযোগ এনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গতকাল বুধবার শ্রমিকেরা পোশাক কারখানায় ভাঙচুর ও আগুন দিয়েছেন। এ সময় পুলিশের ধাওয়ায় ২০ জন শ্রমিক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর নিয়ম মেনে অতীতের মতো তারা শ্রমিকদের বোনাস দিয়েছে। কাউকে কম দেওয়া হয়নি। শ্রমিক, শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছেন। মঙ্গলবার রাতের পালায় প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন।রাতের পালায় কাজ করা শ্রমিকদের রাতেই ঈদের বোনাস দেওয়া হয়। অন্যদের গতকাল সকালে দেওয়ার কথা ছিল। সকালে শ্রমিকেরা জানতে পারেন, রাতের পালার শ্রমিকদের ঈদের বোনাস ২০০ টাকা করে কম দেওয়া হয়েছে। এর পরই শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার কাচ ও নিরাপত্তারক্ষীদের কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা কারখানার ব্যবস্থাপক আবদুল মালেক, মহাব্যবস্থাপক (বিপণন) মো. হানিফ ও কল্লোল হোসেনকে কারখানার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। অন্য কর্মকর্তাদের কারখানা থেকে বের করে প্রধান ফটকে তালা দেন তাঁরা।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশ ও মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দুইটার দিকে পুলিশ কারখানার ফটক খুলে ভেতরে ঢুকে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন শ্রমিক কারখানার নিচতলায় আগুন দেন। পরে কালিয়াকৈর ও গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার অনেক মূল্যবান মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় ১৫ জন শ্রমিক ও নারী শ্রমিক আটকা পড়েন। পরে অগ্নিনির্বাপণ কর্মীরা তাঁদের উদ্ধার করেন। কারখানায় আগুন দেওয়ার অভিযোগে পুলিশ জুলহাস, হাসান ও সোহেল নামের তিন শ্রমিককে গ্রেপ্তার করে। কারখানার শ্রমিক আবদুল আলী ও সফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতি ঈদে তাঁদের মূল বেতনের ৬০ শতাংশ উৎসব বোনাস দেওয়া হতো। এবার তাঁদের ২০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তারা ঈদের ছুটি বাড়িয়ে দেওয়ার কথা বলে বন্ধের দিনও কাজ করিয়ে নিচ্ছে। এসবের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানায় আগুন দেন। তবে কারখানার মহাব্যবস্থাপক (বিপণন) মো. হানিফ জানান, বিজিএমইএর আইন অনুযায়ী শ্রমিকদের বেতনের ৬০ শতাংশ ঈদ বোনাস দেওয়া হয়েছে। এর পরও শ্রমিকেরা অযৌক্তিক দাবি নিয়ে কারখানায় আগুন দিয়ে ব্যাপক ক্ষতি করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শওকত কবীর জানান, শ্রমিকেরা আগামী মাসের অগ্রিম বেতন ও কারখানার অপারেটরদের বেতন ১৫ হাজার এবং হেলপারদের বেতন ১০ হাজার টাকা এক ঘণ্টার মধ্যে দিতে বলেন। কর্তৃপক্ষ দাবি মানতে না চাইলে শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, আগুনে কারখানার নিচতলায় থাকা মূল্যবান মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।