গাজীপুরে পোশাক কারখানার কর্মীদের সন্তানদের জন্য তিনটি বিদ্যালয়
তৈরি পোশাক কারখানার কর্মীদের শিশু-সন্তানদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গাজীপুরে তিনটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদরের গাছা ইউনিয়নের বড়বাড়ী এলাকায় বিদ্যালয় তিনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। স্থানীয় ইন্টারফ্যাব শার্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার উদ্যোগে স্থাপিত এসব বিদ্যালয় চালু করতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তা নেওয়া হয়েছে।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক, বেসরকারি সংস্থা ইউএসএইডের কর্মকর্তা (শিক্ষা) শহীদুল হক, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক এ জেড এম সাখাওয়াৎ হোসেন, ইন্টারফ্যাবের ব্যবস্থাপনা পরিচালক আহসান কবীর খান প্রমুখ।ইন্টারফ্যাবের মানবসম্পদ কর্মকর্তা সায়মা ইয়াসমীন জানান, এই উদ্যোগের ফলে ইন্টারফ্যাব গার্মেন্টসের শ্রমিকদের সন্তানদের পাশাপাশি এলাকার বঞ্চিত শিশুরাও এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।