গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকদের মজুরি পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার চন্দ্রা এলাকায় ওই বিক্ষোভ হয়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার সিডাটেক্স এ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কৌশলে কারখানার নোটিশ বোর্ড থেকে বন্ধের নোটিশটি ছিঁড়ে ফেলা হয়। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার চেয়ারম্যান নাহিদ হোসেন এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি শ্রমিকদের মজুরি দেওয়ার অঙ্গীকার করলেও শ্রমিকেরা ফের বিক্ষোভ শুরু করেন।
এদিকে কারখানার চেয়ারম্যান চলে যাওয়ার পরও শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান করেন। দুপুরের দিকে তাঁরা জানান, মজুরি না দিয়ে হঠাৎ করে এভাবে কারখানা বন্ধ করায় তাঁরা কঠোর আন্দোলনে যাবেন। কারখানার প্রশাসনিক কর্মকর্তা সবুজ হোসেন জানান, অগামী দুই-এক দিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। গার্মেন্টস শিল্পের কাঁচামালের দাম বেড়ে যাওয়া ও পর্যাপ্ত পরিমাণ অর্ডার না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।