গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে গতকাল রোববার গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকেরা। এতে চার পুলিশ সদস্য ও ১১ শ্রমিক আহত হন। পরে তিনটি কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধি, ছাঁটাই-নির্যাতন বন্ধ এবং নৈশভাতা প্রদানসহ আট দফা দাবিতে কাশিমপুরের নয়াপাড়ায় মণ্ডল গ্রুপের কটন ক্লাব বিডি কারখানায় কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল। গতকাল সকাল আটটায় কারখানার কিছু শ্রমিক কাজে যোগ দিলেও অন্য শ্রমিকেরা দাবি মেনে নিতে কর্মকর্তাদের আহ্বান জানান। কর্তৃপক্ষ দাবি না মানলে শ্রমিকেরা একযোগে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার ফটক ও জানালার কাচ ভাঙচুর করতে থাকেন। সকাল ১০টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। দাবি আদায়ে তাঁরা মণ্ডল গ্রুপের আলিম নিট বিডি ও মনটেক্স কারখানার শ্রমিকদের নিয়ে পাশের এমা, রিপন ও ইসলাম গার্মেন্টসসহ আরও কয়েকটি কারখানার ফটকে যান। এসব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা। এ সময় শ্রমিকেরা অন্তত ছয়টি কারখানায় ঢিল ছুড়ে জানালার কাঁচ ও বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের দিকে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য ও পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১১ শ্রমিক আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. সেলিম খান জানান, বেলা আড়াইটার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের দাবি মানার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকেরা বলেন, কারখানার মালিককে এসে দাবি মানার ঘোষণা দিতে হবে। কর্মকর্তারা রাজি না হলে বেলা সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা বৈঠক থেকে বেরিয়ে ফের বিক্ষোভ শুরু করেন। পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে নিজেদের বাসস্থানে চলে যান।এ ব্যাপারে কথা বলতে কারখানার ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও কেউ ধরেননি।