গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের হাজিরপুকুর এলাকায় গত রোববার রাতে ইস্ট-ওয়েস্ট নামের একটি পোশাক তৈরির কারখানায় বেতনের দাবিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন এবং কারখানা থেকে কাপড়ের থান রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই দিন রাত আটটায় ছুটির পর কয়েক শ শ্রমিক কারখানার ভেতর ও বাইরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের বের করে দিয়ে কারখানার প্রধান ফটক বন্ধ করে দেন। এতে শ্রমিকেরা আরও ক্ষিপ্ত হয়ে কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁরা প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করেন। তাঁরা পাঁচতলা কারখানা ভবনের প্রত্যেক তলার জানালার কাচ, বৈদ্যুতিক বাতি, সেলাই মেশিন ও টেবিল ভাঙেন। একদল শ্রমিক বিভিন্ন তলা থেকে তৈরি পোশাক ও কাপড়ের থান রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দফায় দফায় পুলিশ ঘটনাস্থলে আসে। রাত ১১টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে হটিয়ে দেয়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ বলেন, গোলযোগের সময় অনেকেই কাপড়, মেশিনের মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছেন। লুটের সময় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন।আন্দোলন ও ভাঙচুরের খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা জানান, তাঁদের তিন মাসের বেতন বকেয়া। গত রোববার বেতন দেওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ বেতন না দিয়ে ছুটি দিলে তাঁরা এ বিক্ষোভ করেন। এদিকে বকেয়া বেতনের ব্যাপারে প্রশ্ন করা হলে হারুন অর রশীদ বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের কোনো বকেয়া নেই।