গাজীপুরে পোশাক কারখানার সুতা ও কাপড় লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা কারখানা থেকে সুতা, কাপড়সহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতদের হামলায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
কারখানার কর্মকর্তা ও পুলিশ জানায়, ডাকাতেরা সোমবার দিবাগত রাত তিনটার দিকে সিনাবহ খন্দকারপাড়া এলাকার মিমনুন ফেব্রিক্স লিমিটেডের দেয়াল টপকে ভেতরে ঢোকে। পরে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। বাধা দিলে ডাকাতেরা নিরাপত্তাকর্মী ফরিদ হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। পরে তারা কারখানার তালা ভেঙে ভেতরে ঢুকে ১০-১২ টন সুতা ও কাপড়, একটি মোটরসাইকেল ও ১২টি মুঠোফোন লুট করে। লোকজন ছুটে আসার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। কারখানার পরিচালক মেহেদী হাসান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।