গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় পলমল নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাত সোয়া ১০টার দিকে পলমল নিটওয়্যার লিমিটেডে আগুন লাগে। কারখানার সপ্তম তলা ভবনের তৃতীয় তলার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। কারাখানা কর্তৃপক্ষ জানায়, আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।