গাজীপুরে পোশাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের একটি পোশাক কারখানায় আজ শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার কর্মকর্তা মোহাম্মদ রনি জানান, বেলা সোয়া একটার দিকে কারখানার টিনশেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় দুপুরের খাবারের জন্য কারখানার শ্রমিকেরা সবাই বাইরে ছিলেন বলে তিনি জানান। কারখানাটিতে বর্জ্য কাপড় থেকে সূতা তৈরি করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।