গাজীপুরে পোশাক কারখানায় আগুন, হুড়োহুড়িতে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানায় গতকাল শুক্রবার আগুন লাগার পর দ্রুত নামতে গিয়ে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকেরা জানান, উপজেলার বাড়ইপাড়া এলাকার হেচং বিডি লিমিটেড কারখানা গতকাল সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও বন্ধ রাখা হয়নি। কাজ চলাকালে সকাল নয়টার দিকে কারখানার দ্বিতীয় তলার স্যাম্পল সেকশনের বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশে থাকা কার্টনে আগুন ধরে যায়। পরে শ্রমিকেরা অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুন ও ধোঁয়া দেখে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে কর্তৃপক্ষ কারখানা এক দিনের ছুটি ঘোষণা করে।আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।কারখানার উৎপাদন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও জরুরি কিছু কাজের জন্য কারখানার কয়েকটি বিভাগ খোলা রাখা হয়। দ্বিতীয় তলার স্যাম্পল সেকশনে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।মহাসড়কে অবরোধ: সদর উপজেলার বোর্ডবাজারের কুনিয়া এলাকার এন কিউ কালেকশন লিমিটেড কারখানার শ্রমিকদের গত বৃহস্পতিবার বকেয়া বেতন দেওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও শ্রমিকেরা বেতন না পেয়ে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।শ্রমিকদের দাবি, তাঁরা কারখানা কর্তৃপক্ষের কাছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের বেতন পাবেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের পাওনাদি পরিশোধ না করায় তাঁরা সন্ধ্যা ছয়টা থেকে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নওশের আলী জানান, যানজটের কারণে টাকা নিয়ে কারখানায় পৌঁছাতে দেরি হওয়ায় টাকা দেওয়ার সময় ঠিক রাখা যায়নি। পরে তাঁদের টাকা দেওয়া শুরু করলে পরিস্থিতি শান্ত হয়।