গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের লক্ষ্মীপুরা এলাকায় বাইপেড সোয়েটার কারখানায় গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে পাঁচতলা কারখানার চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে যায়। রাত ১১টায় এ খবর লেখার সময় পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। আগুন আয়ত্তে আনা সম্ভব হলেও পুরোপুরি নেভানো যায়নি। আগুন লাগার সময় কারখানায় আট শতাধিক শ্রমিক কাজ করছিলেন। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ১৫-১৬ জন শ্রমিক আহত হন। তবে এঁদের কারও আঘাতই গুরুতর নয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে সাতটার দিকে কারখানার চতুর্থ তলার পূর্ব প্রান্তে আগুনের সূত্রপাত হয়। নতুন এই কারখানার পূর্ব অংশটি গুদাম হিসেবে ব্যবহার করা হয়। আগুন মুহূর্তেই পুরো চারতলায় ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ইব্রাহিম (২০), রুহুল আমিন (২৮), জাহাঙ্গীর (২৪), রাশেদুল (২২), কামাল (২৫), শফিক (২৪), জসিম (২৩), আমানুল্লাহ (১৯), আমিনুল (২২), নজরুলসহ (১৯) ১৬-১৭ জন আহত হন।আগুনের খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে পাঁচটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসে। কাছাকাছি পর্যাপ্ত পানির উত্স না থাকায় কাজ শুরু করতে বিলম্ব হয়।কারখানা ভবন তদারকের কাজে নিয়োজিত ব্যবস্থাপক আবদুল কুদ্দুস জানান, গুদামে তৈরি পোশাক, তুলা, অ্যাক্রিলিক, মেশিন ছিল। সব পুড়ে গেছে। তিনি বলেন, সম্ভবত কেউ একজন সিগারেট খাচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এর সপক্ষে তিনি বলেন, ভবনের যে অংশ থেকে আগুন লাগে, সেখানে বৈদ্যুতিক তারের সংযোগ নেই।