গাজীপুরে পোশাক কারখানায় চুরি
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বাইমাইল এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে পোশাক তৈরির একটি কারখানায় চুরি হয়েছে। চোরেরা প্রায় ৩১ লাখ টাকা মূল্যের কাপড় নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষের দাবি। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হোসেন।কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ফ্লোরেন্স ফেব্রিক্স লিমিটেড নামের একটি কারখানায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হানা দেন পাঁচ-ছয়জন তরুণ। তাঁরা কারখানার নিরাপত্তাকর্মী মো. নাছির মিয়ার সহযোগিতায় অপর নিরাপত্তাকর্মী শাহীন, শ্রমিক আবুল ও সাত্তারকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে তাঁরা কারখানার তালা ও গেট ভেঙে ভেতরে ঢুকে প্রায় ২৫ হাজার ৫০০ গজ কাপড় ট্রাকে করে নিয়ে পালিয়ে যান। সকালে লোকজন এসে অচেতন তিনজনকে সদর হাসপাতাপালে ভর্তি করান।কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আলম বলেন, লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৩১ লাখ টাকা। ঘটনার পর থেকে নিরাপত্তাকর্মী নাছির মিয়া পলাতক। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোস্তফা বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।