গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর
গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে কয়েক শ শ্রমিক স্থানীয় জেনেসিস ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেন। সংশ্লিষ্টরা জানান, বেতন-ভাতা কম দেওয়া হয়েছে এ অভিযোগ তুলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। ঘটনার পর কারখানা প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা নভেম্বর মাসের বেতন-ভাতা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা অভিযোগ করেন নতুন বেতনকাঠামোর নামে তাঁদের অনেকের বেতন কমানো হয়েছে। শ্রমিকেরা নানা স্লোগান দিয়ে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইট ও জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এ ব্যাপারে কারখানার মানবসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান জানান, নতুন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ করা হয়েছে। এ নিয়ে অসন্তুষ্ট শ্রমিকেরা তাণ্ডব চালান। শিল্পাঞ্চল পুলিশের একজন উপপরিদর্শক জানান, কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে নতুন বেতন নিয়ে অসন্তুষ্ট শ্রমিকদের ভাঙচুরের শিকার সদর উপজেলার টেকনগপাড়া এলাকার এজ কাটিং কারখানায় গতকাল উৎপাদন হয়নি।