গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর সড়ক অবরোধ
গাজীপুরের রাজেন্দ্রপুরে গতকাল বুধবার গিভেন্সি গার্মেন্টস ও এক্সেসরিজ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেছেন। পিস রেট কমানো ও ঘোষণা ছাড়াই কারখানার শ্রমিকদের পরিবহন-সুবিধা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে দীর্ঘ যানজট হয়।বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, সকালে তাঁরা কারখানায় এসে জানতে পারেন কর্তৃপক্ষ পিস রেট ছয় টাকা কমিয়ে চলতি মাসের বেতনের বিল তৈরি করেছে। এর প্রতিবাদ জানালে কর্মকর্তারা শ্রমিকদের হাজিরা কার্ড ফেরত দিয়ে কারখানা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানার সহকারী উত্পাদন ব্যবস্থাপক (এপিএম) শুক্কুর আলীকে ঘেরাও করে রাখেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা ভবনের আসবাব, দরজা-জানালার কাচ ও অন্য সরঞ্জাম ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার কর্মকর্তা ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।কারখানার প্রশাসনিক কর্মকর্তা আলতাব হোসেন জানান, ভাঙচুরের কারণে কারখানার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানা বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে সেখানে পর্যাপ্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।