গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জ এলাকায় ডিবিএল গ্রুপ ও নয়াপাড়া এলাকার মণ্ডল গ্রুপ নামের দুটি শিল্পগোষ্ঠীর বিভিন্ন পোশাক কারখানায় গতকাল বৃহস্পতিবার ১১ দফা দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছে। শিল্পগোষ্ঠী দুটিতে শ্রমিকদের কর্মবিরতি চলছে।কারখানার কর্মকর্তা, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে ডিবিএল গ্রুপের জিন্নাত ফ্যাশন লিমিটেড, জিন্নাত অ্যাপারেলস লিমিটেড, জিন্নাত নিটওয়্যারস লিমিটেড, ফ্লামিংগো ফ্যাশন লিমিটেড ও থানবি প্রিন্ট ওয়ার্ল্ড লিমিটেডের প্রায় আট হাজার শ্রমিক ১১ দফা দাবিতে একটি প্রচারপত্র বিলি করে এবং বিভিন্ন স্থানে তা লাগিয়ে দেয়। গত মঙ্গলবার দুপুরে ওই গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহিদ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকেরা বাড়ি ফিরে যায়। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগদান করার পর নতুন করে দাবিদাওয়া নিয়ে কাজ বন্ধ করে বাইরে চলে যায় এবং বিক্ষোভ সমাবেশ করে।গত মঙ্গলবার থেকে মণ্ডল গ্রুপের প্রায় ১০ হাজার শ্রমিক ওই ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ডিবিএল গ্রুপের ওই পাঁচটি প্রতিষ্ঠান এবং মণ্ডল গ্রুপের মণ্ডল টেক্সটাইল, মণ্ডল কটন ও আলীম নিটওয়্যার নামের তিনটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা ওই এলাকায় বেশ কয়েকটি কারখানার প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে এসব কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বের হয়ে যায়। এ সময় আশপাশের প্রায় ১৬টি শিল্পকারখানা বন্ধ হয়ে যায়।খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ, চক্রবর্তী ফাঁড়ির পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মণ্ডল গ্রুপের পরিচালক (উত্পাদন) এস এম রবিউল আলম বলেন, ‘বাইরের কেউ উসকানি দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে বলে আমাদের ধারণা। কয়েক দিন ধরে কারখানায় কাজ না হওয়ায় প্রচুর ক্ষতি হচ্ছে। বায়ারদের মালামাল সরবরাহ করতে পারছি না।’শ্রমিক অসন্তোষের ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মনোয়ার হোসেন বলেন, বিজিএমই-এর কর্মকর্তারা গিয়ে কাজের মূল্যায়নের ভিত্তিতে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।