গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় গতকাল বুধবার শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকেরা কর্মবিরতি পালন, বিক্ষোভ ও ভাঙচুর করেছেন।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, উপজেলার পূর্বচান্দরা এলাকার এপেক্স হোল্ডিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের এককালীন টাকা দেওয়ার জন্য ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) তৈরি করে। ওই তহবিলে টাকা জমা রাখতে শ্রমিকদের বেতন থেকে প্রতি মাসে কিছু টাকা কাটা হয়। এতে শ্রমিকদের সমঞ্চতি নেই। কয়েক দিন ধরে শ্রমিকেরা ওই তহবিলে টাকা না রাখতে ও বার্ষিক ছুটির টাকার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগদান করেন।
বেলা ১১টার দিকে শ্রমিকেরা বার্ষিক ছুটির টাকা ও ভবিষ্য তহবিলের টাকা না রাখার দাবিতে কাজ বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করেন। শ্রমিকেরা কারখানার ফটক বন্ধ করে ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার জানালার কয়েকটি গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ ও মালিকপক্ষের লোকজন বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। আলোচনা শেষে বেলা আড়াইটার দিকে কর্তৃপক্ষ ২০ তারিখ পর্যন্ত বার্ষিক ছুটির টাকা ও ভবিষ্য তহবিলে টাকা জমা না রাখার ঘোষণা দিলে শ্রমিকেরা শান্ত হন। পরে কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান।
কারখানার উপমহাব্যবস্থাপক আবুল কালাম জানান, ভবিষ্য তহবিলে টাকা জমা না রাখার দাবিতে শ্রমিকেরা সকালে কাজ বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে তাঁদের দাবি মেনে নিলে শ্রমিকেরা শান্ত হন। তবে কারখানা এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।