গাজীপুরে পোশাক শ্রমিককে হত্যা
গাজীপুর সদর উপজেলায় জয়নাল আবেদীন (২৫) নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার উপজেলার দীঘিরচালা এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
জয়নাল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটুয়া নওয়াপাড়া গ্রামের রইজ উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি সদর উপজেলার নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার কারখানার নিটিং সুপারভাইজার ছিলেন।
জয়নালের পরিবার ও পুলিশ জানায়, সদর উপজেলার ইটাহাটা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন জয়নাল। শনিবার রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি ফোন আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। গতকাল সকালে এলাকাবাসী দীঘিরচালা এলাকায় একটি ধানখেতে জয়নালের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে জয়নালের পরিচিত কেউ বাসা থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব ওই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাহাঙ্গীর হোসেন (২৫) কাপাসিয়ার বরদিয়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌতুক না পেয়ে জাহাঙ্গীর ২০১১ সালের ৬ আগস্ট স্ত্রী নাছিমা আক্তারের (২২) গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় পরদিন নাছিমার বাবা ইমান আলী বাদী হয়ে জাহাঙ্গীর, তাঁর মা শিউলী বেগম (৪০) ও বাবা আলমগীরকে (৪৫) আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। ১৮ আগস্ট পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। পরদিন তিনি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কাপাসিয়া থানার এসআই সানোয়ার জাহান জাহাঙ্গীর ও শিউলী বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত জাহাঙ্গীরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ৫০ হাজার টাকা জরিমানা এবং শিউলী বেগমকে বেকসুর খালাসের আদেশ দেন। একই সঙ্গে আদালত জাহাঙ্গীরের উত্তরাধিকারের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ট্রাইব্যুনালে জমা দিতে পুলিশকে নির্দেশ দেন।