গাজীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ-ভাঙচুর
উৎপাদন মজুরি (পিস রেইট) বাড়ানোর দাবিতে গাজীপুরের সালনায় সাং কোয়াং নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায়। এরপর কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।আন্দোলনকারী শ্রমিক ও পুলিশ জানায়, উৎপাদন মজুরি নিয়ে কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার নিচ ও দোতলায় আসবাবপত্র, মেশিন, লাইট ভাঙচুর ও তছনছ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার কোরীয় মালিক শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে আগ্রহী হলেও মহাব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে তাঁদের (শ্রমিক) বঞ্চিত করে আসছেন। এ ব্যাপারে শ্রমিকেরা মুখ খুললে তাঁদের নির্যাতন ও চাকরিচ্যুত করা হয়। শ্রমিকেরা আরও অভিযোগ করেন, শ্রমিক-কর্মচারীদের দু্ই ধরনের বেতন তৈরি করে সই নেওয়া হয়। মালিককে যে বেতন দেখানো হয়, শ্রমিকদের বেতন দেওয়া হয় তার চেয়ে অনেক কম। এভাবে প্রতি মাসে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন কয়েকজন কর্মকর্তা। কারখানার মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শ্রমিকদের আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পিস রেইট নিয়ে শ্রমিকদের দাবিদাওয়া ছিল। আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি দাবি করেন।