গাজীপুরে পোশাক শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৮
গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জে ডানা সোয়েটার নামের একটি তৈরি পোশাক কারখানায় গতকাল শনিবার দুই দল শ্রমিকের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন।শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার কারখানার তিন হাজার শ্রমিকের বেতন-ভাতা দেওয়া হয়। নিটিং সেকশনের শ্রমিক-কর্মচারীদের উৎপাদন মজুরি (পিস রেট) কম দেওয়া হয়েছে—এ অভিযোগে ওই শাখার অর্ধশতাধিক শ্রমিক গতকাল সকালে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তাঁরা অন্য বিভাগের শ্রমিকদের তাঁদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালান। এ নিয়ে লিংকিং বিভাগের শ্রমিকদের সঙ্গে তাঁদের প্রথমে বাগিবতণ্ডা ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন। তাঁদের মধ্যে শাহীন (২৫) ও মোহাম্মদ আলীকে (২২) সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) রবিউল করিম বলেন, গোলযোগের পর কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে রোববার (আজ) থেকে কারখানায় উৎপাদন যথারীতি চলবে। সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মনোয়ার হোসেন জানান, বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে বিভক্তির কারণে সংঘর্ষ হয়েছে।