গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় গতকাল রোববার রাতে একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে কারখানার ১০ জন শ্রমিক আহত হন।শ্রমিক ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, ছয়দানা মালেকের বাড়ি এলাকার ইস্ট ওয়েস্ট গার্মেন্টস নামের একটি কারখানা গত ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা কয়েক দফা বেতন পরিশোধের দাবি জানান। সে অনুযায়ী শ্রমিকেরা গতকাল কাজ শেষে বেতন চাইলে কর্তৃপক্ষ বেতন না দিয়ে টালবাহানা শুরু করে। রাত নয়টার দিকে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকেরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে রাত পৌনে ১০টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক বন্ধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, কারখানা কর্তৃপক্ষ গত মাসের বেতন পরিশোধ না করায় কারখানার একটি ফ্লোরের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।