গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় গতকাল শুক্রবার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, সফিপুর আনসার একাডেমির সামনে গোমতী টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন গত বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় ওই দিন শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছু সময় পর তাঁরা জানতে পারেন, আজও তাঁদের বেতন দেওয়া হবে না। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কর্মবিরতি ও কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও আট-নয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ছেড়ে যান। বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় সূত্রমতে, পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। গাজীপুর শিল্প পুলিশের (অঞ্চল-২) পরিদর্শক কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।