গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ব্যস্ততম এই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর আগে গত মঙ্গলবার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার নামে অপর একটি পোশাক কারখানার শ্রমিকেরা একই মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন।এদিকে, গতকাল কোনাবাড়ী এলাকার কোরীয় মালিকানাধীন এনটিকেসি কারখানার শ্রমিকেরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেতন-বৈষম্যের প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে সদর উপজেলার তারগাছ এলাকার মুন লাইট গার্মেন্টসের কয়েক শ শ্রমিক কারখানাসংলগ্ন মহাসড়কে নেমে পড়েন। তাঁরা সড়কে বসে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক শ্রমিকদের যৌক্তিক দাবি মানা হবে বলে ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মালিকপক্ষের ঘোষণায় শ্রমিকেরা আশ্বস্ত হতে পারেননি। তাঁরা অবরোধ অব্যাহত রাখার চেষ্টা করলে পুলিশ বল প্রয়োগ করে। এতে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে বেলা ১১টার পর যান চলাচল শুরু হয়। তবে গতকাল কারখানায় আর উৎপাদন হয়নি।এনটিকেসির শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ১৫৮ জন শ্রমিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, উৎপাদন ব্যবস্থাপক মোজাম্মেল হকের অপসারণ, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি ইত্যাদি। কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি উন বলেন, পাঁচ দফা দাবির মধ্যে ইতিমধ্যে তিনটি মেনে নেওয়া হয়েছে। বাকি দুটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কাল (আজ বৃহস্পতিবার) দাবি নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে।