গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা মাস্টারবাড়ী এলাকায় পাওনা বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ কারণে এক ঘণ্টার বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ানটেক্স এপারেল জার্সি লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা মাস্টারবাড়ী বাজারে লাঠিসোঁটা হাতে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন পরিশোধের ব্যাপারে কয়েকবার তারিখ দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। এদিকে তাঁরা ঘরভাড়া দিতে না পেরে এবং দৈনন্দিন বাজার করতে না পেরে কষ্টে দিন কাটাচ্ছেন।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঁইয়া জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শ্রীপুরের সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসান শ্রমিকদের সহযোগিতার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।