গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন ওই কারখানার শ্রমিকেরা। পুলিশ কারখানার মালিকের সঙ্গে বসে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। দুপুর পৌনে একটা থেকে বেলা দুইটা পর্যন্ত অবরোধের কারণে সড়কের দুই পাশে কমপক্ষে ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।কারখানার শ্রমিকেরা জানান, ১১ মে কারখানার প্রশাসন তাঁদের দিয়ে কাজ না করিয়ে বসিয়ে রাখে। ওই দিন থেকে গত শুক্রবার পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে গেলে মালিক পক্ষ তাঁদের কাজ না দিয়ে ‘অভ্যন্তরীণ সমস্যা আছে’ বলে অপেক্ষা করতে বলে উৎপাদন বন্ধ রাখে। শুক্রবার কারখানার মালিক কারখানায় এলে শ্রমিকেরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। ওই দিন কারখানা কর্তৃপক্ষ তাঁদের শনিবার এসে চলতি মাসের বেতন নিতে এবং ওই দিন কারখানা চালুর ব্যাপারে সিদ্ধান্ত জেনে যেতে বলে। এ আশ্বাস পেয়ে শ্রমিকেরা মালিককে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী গত শনিবার মালিক কারখানায় না আসায় শ্রমিকেরা গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।কারখানার পক্ষে প্রশাসনিক ব্যবস্থাপক আরিফুর রহমান দাবি করেন, কারখানা বন্ধের খবরটি গুজব ছাড়া কিছু নয়।