গাজীপুরে পোশাকশ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম বেতন আট হাজার টাকা কার্যকর করা হয়েছে সরকারি সিদ্ধান্তের এমন গুজব ছড়িয়ে পড়লে তা বাস্তবায়নের দাবিতে আজ বুধবার সকালে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার গিভেন্সি, জাহিন টেক্স ও এলিগ্যান্ট গার্মেন্ট কারখানায় ওই অসন্তোষ দেখা দেয়। পরে আজকের জন্য কারখানা তিনটি ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন আট হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে তা বাস্তবায়নের দাবিতে ওই সব কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ ওই কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।