গাজীপুরে পোশাকশ্রমিক ও গৃহবধূর লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলা থেকে মামুন (২৫) নামের এক পোশাকশ্রমিক এবং শ্রীপুর উপজেলা থেকে মার্জিয়া আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। দুটি লাশই গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়। উভয়কেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের লোহাকৈর গ্রামের বাসিন্দা মামুন গত ২৭ জুলাই সকাল থেকে নিখোঁজ ছিলেন। গতকাল বিকেলে এলাকার লোকজন বড়টেক শালবনের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, মামুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এদিকে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় তাঁরা ডোমবাড়ীচালা গ্রামের বাসিন্দা আবুল বাশারের ঘর থেকে তাঁর স্ত্রী মার্জিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।