গাজীপুরে পোশাকশ্রমিককে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার সিংরাতলী এলাকায় মঙ্গলবার রাতে মোফাজ্জল হোসেন (২৫) নামের এক শ্রমিককে কে বা কারা মাথা থেঁতলিয়ে হত্যা করেছে। মোফাজ্জাল সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ইভান্স পোশাক কারখানার শ্রমিক। জেলার শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গ্রামে তাঁর বাড়ি। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মোফাজ্জল মঙ্গলবার রাতে কারখানার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে পথে দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করে ও থেঁতলিয়ে হত্যা করে লাশ সিংরাতলী এলাকায় ফেলে রেখে যায়। পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।