গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
উৎপাদনের মজুরি, বোনাস বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি সঞ্চারকলিপি দেন। পরে কর্তৃপক্ষ বিকেলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এ নিয়ে ৮ এপ্রিল থেকে তিনবার কারখানা বন্ধ করা হলো।শ্রমিকেরা জানান, এসকিউ ক্রিস্টাল সেলসিয়াস লিমিটেড নামের সোয়েটার তৈরির কারখানাটি সদর উপজেলার টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত। দীর্ঘদিন ধরে তাঁরা কারখানা কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি জানান। দাবি আদায়ে শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনের কারণে কর্তৃপক্ষ ৮ এপ্রিল ও ১৫ এপ্রিল কারখানা বন্ধ করে। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে কর্তৃপক্ষ বেশ কিছু শর্ত দিয়ে প্রত্যেকের হাতে একটি নোটিশ ধরিয়ে দেয়। এতে লেখা ছিল, দুপুরের খাবারের ভাতা ও উৎপাদন বোনাস বৃদ্ধিসহ বেশ কিছু দাবি মানা হয়েছে। শ্রমিকদের ওই নোটিশে সই করে কাজ করতে হবে।শ্রমিকেরা সই না করে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে রাজবাড়ি মাঠে দুপুর পর্যন্ত অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন শ্রমিকেরা। পরে তাঁরা দাবিসংবলিত একটি সঞ্চারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন।কারখানার শ্রমিক মুন্না হোসেন ও মিলন রানা বলেন, কর্তৃপক্ষ যে টাকা বৃদ্ধি করেছে, তা খুব কম। এ ছাড়া কোনো দাবি নিয়ে কথা বললে তারা ছাঁটাই করার হুমকি দেয় এবং স্থানীয় সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে বক্তব্য জানতে এসকিউ ক্রিস্টাল সেলসিয়াস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) রাইসুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।