বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার এপেক্স হোল্ডিং লিমিটেড নামে পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার মিছিল ও ভাঙচুর করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুলিশ ও পথচারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, এপেক্স হোল্ডিং লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। একই সময় শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটকের পাশে থাকা শ্রমিক ইউনিয়ন, প্রশাসনিক কার্যালয়সহ কয়েকটি বিভাগের দরজা-জানালার কাচ, আসবাব, কম্পিউটার, সিসি ক্যামেরা ও শ্রমিকদের হাজিরার স্বয়ংক্রিয় যন্ত্র ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা কারখানার সামনের প্রায় ১০-১২টি দোকানপাট ভাঙচুর করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শ্রমিকেরা সংগঠিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, কনস্টেবল আবদুল জব্বার, কারখানার শ্রমিকনেতা ও পৌর কাউন্সিলর সামছুল আলম সরকার, সাহাদত হোসেন, জাহিদ মিয়া, বেলাল হোসেন, সাইদুর রহমান, মফিজুল ইসলাম ও পথচারী খলিলসহ কমপক্ষে ২৫ জন আহত হন। তাঁদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সূত্র জানায়, পরে বেলা আড়াইটার দিকে কারখানার কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকদের প্রতিনিধি নিয়ে বৈঠক হয়।কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) আ ন ম জাহিদ হাসান বলেন, শ্রমিকদের সব দাবি মেনে নিয়ে কারখানা ওই দিনের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা শান্ত হয়ে বাসায় চলে যান। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।